
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন নতুনচর খাড়াকান্দি এলাকার পাকা ব্রিজের পশ্চিম পাশের ঢালু সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন নতুনচর খাড়াকান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আছর উদ্দিন।
ঢাকা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই মো. ইয়াকুব আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে নতুনচর খাড়াকান্দি এলাকার পাকা ব্রিজের পশ্চিম পাশের ঢালু পাকা সড়কে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ তাকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।
কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযান পরিচালিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।