
ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
সোমবার (১৯ অক্টোবর) রাতে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল এলাকার জনি (২৮), দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর এলাকার হেলাল (৪৩) এবং মান্দাইল এলাকার রিদয় ওরফে নাদিম (১৯)।
ঢাকা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মান্দাইলের নাহার কমিউনিটি সেন্টারের সামনে থেকে জনিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। রাত পৌনে ১১টার দিকে দোলেশ্বর চৌরাস্তার পাশে ওয়ালটন প্লাজার সামনে থেকে হেলালকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মান্দাইলের ডরিন কেক অ্যান্ড পেস্ট্রির গলিতে অভিযান চালিয়ে রিদয় ওরফে নাদিমকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।