
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বাস্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি খালেদ মাহমুদ রাহুলকে (২৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে ভাওয়ারভিটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবির দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) তানভীর হোসেন ভূঁইয়া।
পুলিশের ভাষ্য, খালেদ মাহমুদ রাহুলের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। গত ১০ জুন দায়ের করা ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।