
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ বাতেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে গুবরদি দাসেরবাড়ি, পালবাড়ি, মণ্ডলবাড়ি ও দক্ষিণ পালবাড়ির পূজামণ্ডপ ঘুরে দেখেন এম এ বাতেন। এ সময় পূজামণ্ডপে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থসহায়তা প্রদান করেন।
এম এ বাতেন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিপদে-আপদে এবং যেকোনো প্রয়োজনে আমরা সব সময় আপনাদের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার মাহামুদুর রহমান কুট্টি, বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জুয়েল ভূঁইয়া, থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার তালুকদার, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. নাঈম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, বয়রাগাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিক শেখ, মালখানগর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমন, থানা বিএনপির সদস্য সোহেল দেওয়ান, মো. রাজু। এছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম এ বাতেনের পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যই বয়রাগাদি ইউনিয়নের ঐতিহ্য।